রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।
এর পেছনে যুক্তরাষ্ট্রের কোনও প্রভাব ছিল কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি এই ব্যাপারে নিশ্চিত নই তাই আসলে সরকারের দিক থেকে আমার বলার কিছু নেই। এটা নিয়ে কোন সমস্যা হবে বলে আমি আসলে এটা এর ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। আর ইউরেনিয়াম চলে আসছে, এটার তথ্য আপনারা জানেন যে এটা চলে আসবে, এটা দেরি হবে না। এটা আমাদের দ্বিতীয় যে ইউনিটটা আছে সেটার জন্য। ’
যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির প্রভাব রূপপুরে পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমেরিকার সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছে, শান্তিপূর্ণ ব্যবহারটা আমি একটু জানিয়েছি। এটার প্রভাব রূপপুরে পড়বে বলে আমি মনে করি না। কারণ, বাংলাদেশ তো মাত্র এই যুগে প্রবেশ করলো। ভবিষ্যতে জ্বালানির যে পরিস্থিতি দেখছি, বাংলাদেশের এই ব্যাপারে নানান রকম অপশন খোলা রাখতে হবে। আরও নিউক্লিয়ার পাওয়ার-প্ল্যান্ট করবে কিনা এবং এই ব্যাপারে জ্বালানির সরবরাহ থেকে শুরু করে এসবে আরও জটিল ইস্যু আছে। আমাদের ইঞ্জিনিয়ারদের ট্রেনিং এর ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার একসাথে যদি করি, সুতরাং সেইটা আমরা আমাদের স্বার্থে চুক্তি করবো।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই একটা কাজ শুরু থেকে করেছে। আমেরিকার সাথে রাশিয়ার সংকট ছিল, সমস্যা ছিল। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করে এসেছে। তাই বাংলাদেশ তার স্বার্থে যেখানে যেখানে প্রয়োজন চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, রাশিয়া, তুরস্ক, যার যার সাথে প্রয়োজন বাংলাদেশ তার সাথে এনগেজমেন্ট করবে।’