আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া- ঘাটলাবাগ ইউনিয়নের নারায়ণপুরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করা হয়। হামলা বিএনপির ৬জন আহত হয়েছে। আহতরা হলো: মাসুম বিল্লাহ, মেছের আলী, ওমর ফারুক, সাজিদ, রাফি, নেছার আলম, শাহাদাত হোসেন।
বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের নারায়ণপুরের দিদারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নারায়ণপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ফারুক আহমেদ চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো: মোরশেদ আলম সুমন(২৮), টাইগার সুমন(৩৫), সাইফুল (২৮), মারুফ(২৪), আসিফ (১৮), রুবেল (২০), ইউসুফ (৩৫), শাওন (১৮) সহ অজ্ঞাতনামা ৭/৮জন।
অভিযোগে ফারুক আহমেদ উল্লেখ করেন, অভিযুক্তরা এলাকায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি ও স্থানীয় কয়েকজন মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে নারায়ণপুরের দিদারের দোকানের সামনে কয়েকজন মাদক সেবন করছে—এমন খবর পেয়ে তিনি ও কয়েকজন সাক্ষী সেখানে যান।
অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছামাত্র অভিযুক্তরা হকিস্টিক, রামদা, কাঠের বাটাম ও ক্রিকেটের স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ফারুক আহমেদসহ কয়েকজনকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলাকারীরা একজনের মাথায় হকিস্টিক এবং আরেকজনের মাথায় ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে একটি মোটরসাইকেল আটকে রাখা এবং ফারুক আহমেদের পকেট থেকে ৮ হাজার ৫০০ টাকা ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার পর অভিযুক্তরা তাদেরকে মামলা বা আইনের আশ্রয় না নিতে হুমকি দেয় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের ভয় দেখায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।