বাঁধনের ওপর হামলাকারীদের 'নরপশু' বললেন সারজিস আলম

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬
বাঁধনের ওপর হামলাকারীদের 'নরপশু' বললেন সারজিস আলম

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হামলাকারীদের কড়া ভাষায় সমালোচনা করে বাঁধনের পাশে থাকার বার্তা দিয়েছেন।

ইতালির মেস্ত্রে শহরে একটি পার্কে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। এ সময় তার শরীরে কোক ও ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে 'জুলাই জঙ্গি' ও দেশদ্রোহী আখ্যা দিয়ে তার ওপর চড়াও হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, বাঁধন এই দেশের জন্য এবং দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন, তাই তার জন্য গর্বিত হওয়ার কথা জানান তিনি। হামলাকারীদের বাঁধন নিজে 'বাঙালি ভাই' বলে সম্বোধন করলেও সারজিস তাদের ভাষায় আক্রমণ করে বলেন, তারা বাঙালি ভাইয়ের চেয়ে বেশি 'খুনিদের দালাল' এবং বিবেকবোধ বিক্রি করে দেওয়া মানুষ।

স্ট্যাটাসে সারজিস আরও লেখেন, শেখ হাসিনার আমলে দেড় হাজারের কাছাকাছি মানুষ নিহত হওয়ার পরও এই ব্যক্তিরা তার পক্ষে সাফাই গাইতেন বলে মন্তব্য করেন তিনি। তাদের মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে দাবি করে সারজিস বলেন, এদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করার সুযোগ নেই।

বাঁধনকে উদ্দেশ করে সারজিস লেখেন, এ ঘটনায় তার কষ্ট পাওয়ার কিছু নেই, কারণ এমন মানুষদের কাছ থেকে ভালো আচরণ আশা করা যায় না। তিনি জানান, আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।