জয়পুরহাটে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী বারী ও তার সহধর্মিনী।

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জয়পুরহাটে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী বারী ও তার সহধর্মিনী।

মোঃ  জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ইং

ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী কে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।   
এদিকে  দুর্ঘটনায় আহত এক পথচারী নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল প্রায়  ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট  সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি ফিরোজা বেগম (৫৫) নামে এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় পথচারী নারী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ির জয়পুরহাটে আসার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এই বিপত্তি ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আঘাত পেয়েছেন। এক নারী পথচারী গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পথচারীর মৃত্যু হয়। 


জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

রিপোর্ট  লেখা পর্যন্ত  দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ৪০০ শয্যার জয়পুরহাট আধুনিক   জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক  চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।তবে প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা তার স্ত্রী সুস্থ আছেন।