আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালী রেলওয়ে স্টেশনে যাত্রীদের সুবিধার্থে পাঞ্জেখানা মসজিদ থাকলেও সেখানে নামাজ আদায়ের কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। মূল ভবনটিতে তালা ঝুলানো থাকা এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার অভাবে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্টেশনে আসা ট্রেনযাত্রী ও স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন পাঞ্জেখানা মসজিদটির মূল দরজায় কোলাপসিবল গেট বন্ধ অবস্থায় রয়েছে। ভেতরে নামাজ আদায়ের মতো পরিচ্ছন্ন পরিবেশ নেই ভিতরে নেই কোন কার্পেট বা পার্টি। অজু করার জন্য সুনির্দিষ্ট পানির ব্যবস্থাও চোখে পড়েনি। ফলে ট্রেনের অপেক্ষায় থাকা দূর-দূরান্তের মুসল্লিরা সময়মতো নামাজ আদায় করতে পারছেন না।
রেলওয়ে স্টেশনে আসা একাধিক যাত্রী জানান, ট্রেনের সময়সূচির কারণে অনেক সময় দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হয়। ঠিক সময়ে নামাজ পড়ার জন্য তারা পাঞ্জেখানা মসজিদের দিকে গেলেও তালাবদ্ধ ময়লা ও পুরনো স্টোর রুমের মতন মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে ফিরে আসতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে খোলা প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্মের বাইরে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করছেন, যা তাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ও কষ্টদায়ক।
স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দাবি, একটি কক্ষকে মসজিদ বানিয়ে রাখা হলেও কর্তৃপক্ষের চরম অবহেলা ও তদারকির অভাবে এটি অব্যবহৃত পড়ে আছে। দ্রুত সময়মতো মসজিদটি খুলে দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং অজুখানা নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও স্টেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সাধারণ যাত্রীদের একটাই দাবি—দ্রুততম সময়ের মধ্যে পাঞ্জেখানা মসজিদটি সচল করে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা হোক।