বিএইউএসটিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনার শুরু

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬
বিএইউএসটিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সেমিনার শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত নির্দেশনাবলির আলোকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর।  

এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট ২০২৬, সোমবার সারাদেশে একযোগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিএইউএসটি, সৈয়দপুরে সকাল ১০টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।  

                                                                                                                            
নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অবঃ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর আলোচনায় নজরুলের সংগ্রামী জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করে। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় সেমিনার হল মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, কবিতা ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিতি আরও গভীর করার পাশাপাশি তাঁদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ); ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মোঃ শামীম রেজা (অবঃ)। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁদের আগ্রহ ও অনুরাগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বিএইউএসটি কালচারাল সোসাইটির সার্বিক সহযোগিতায় এবং উপদেষ্টা, ছাত্র কল্যাণের দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনার চর্চা আরও বেগবান হবে।