প্রতারণা করে ১৪ বছরের কিশোর রেজোয়ানের ভ্যান নিয়ে উধাও দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৯ আগস্ট, ২০২৬
প্রতারণা করে ১৪ বছরের কিশোর রেজোয়ানের ভ্যান নিয়ে উধাও দুর্বৃত্তরা

পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৪ বছরের রেজোয়ান। সপ্তম শ্রেণির এই কিশোরের স্বপ্ন ছিল দিন শেষে ভাড়া তুলে হাসিমুখে বাড়ি ফেরা। কিন্তু সেই পথচলা শেষ হলো কান্নায়। প্রতারণার মাধ্যমে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুই ব্যক্তি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগড়ী ডাঙ্গাপাড়া গ্রামের অলিয়ার হোসেনের ছেলে রেজোয়ান স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের আয়ে সহযোগিতা করতে ভ্যান চালাত সে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৭ শে আগস্ট) সকালে। তারাগঞ্জ বাজারে ভ্যান নিয়ে গেলে দুই ব্যক্তি সৈয়দপুর যাওয়ার কথা বলে রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করেন। ৫০০ টাকা ভাড়ার কথা বলে তাদের সৈয়দপুরে নিয়ে যেতে রাজি হয় রেজোয়ান। তাদের সঙ্গে কিছু মালামালও ছিল। তারা জানায়, সৈয়দপুরে কেনাকাটা শেষে আবার ফিরে যাবে।

সৈয়দপুরে পৌঁছানোর পর কৌশলে রেজোয়ানকে ভ্যান থেকে দূরে সরিয়ে দেয় ওই দুই ব্যক্তি। নিজেদের মালামাল বিক্রির কথা বলে একজন নামাজ পড়তে যাওয়ার অজুহাত দেয়। পরে রেজোয়ানকে পান কিনে আনতে পাঠানো হয়। সরল বিশ্বাসে পান আনতে চলে যায় কিশোরটি। কয়েক মিনিট পর পান হাতে ফিরে এসে দেখে, সেখানে নেই ওই দুই ব্যক্তি। নেই পরিবারের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটিও।

ভ্যান হারিয়ে মুহূর্তেই দিশেহারা হয়ে পড়ে রেজোয়ান। কীভাবে বাড়ি ফিরবে, পরিবারের কাছে কী বলবে—কিছুই বুঝে উঠতে পারছিল না সে। পরে রাস্তায় তার কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নাগরিক টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। পরে রেজোয়ান ও তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “একজন কিশোরের আয়ের মাধ্যম কেড়ে নেওয়া অত্যন্ত নিন্দনীয়। রেজোয়ান যাতে আবার স্বাবলম্বী হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তাকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হবে।”

এদিকে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ রেজোয়ানকে থানায় নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ নেওয়া হয়। একই সঙ্গে সন্দেহভাজন দুই ব্যক্তির শারীরিক গঠন ও পরিচয়সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।

একটি ভ্যান হারিয়ে রেজোয়ানের পরিবার শুধু একটি যানবাহনই হারায়নি, হারিয়েছে তাদের প্রতিদিনের আয়ের প্রধান অবলম্বন। তবে প্রশাসনের সহায়তার আশ্বাস ও পুলিশের তৎপরতায় এখন নতুন করে আশায় বুক বাঁধছে পরিবারটি।