রামপুর ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশীকে ঘিরে ক্ষোভ, ‘সুবিধাবাদী’ রাজনীতির অভিযোগ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬
রামপুর ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশীকে ঘিরে ক্ষোভ, ‘সুবিধাবাদী’ রাজনীতির অভিযোগ

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে পদপ্রত্যাশী হওয়া এক ছাত্রকে ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে ত্যাগী ও দুঃসময়ের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে। অভিযোগ উঠেছে, ৫ আগস্টের আগে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকা এক ব্যক্তি বর্তমানে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে ইউনিয়ন ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ পেতে দৌড়ঝাঁপ করছেন।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন বামনী ডিগ্রি কলেজের ছাত্র ও রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আওয়াল জিদান। স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মীর দাবি, ৫ আগস্টের আগে তাকে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে দেখা গেলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশা করছেন। এ ঘটনায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন প্রতিকূল সময়ে মাঠে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন—যে ব্যক্তি এতদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি কীভাবে রাতারাতি ছাত্রদলের পদপ্রত্যাশী হয়ে ওঠেন?দুঃসময়ের নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর সুবিধা নেওয়ার উদ্দেশ্যে অনেকে নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টা করছেন। এতে দীর্ঘদিন ধরে মামলা-হামলা, হয়রানি ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। তারা বলেন, ‘দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন না করে যদি হঠাৎ করে রাজনৈতিক পরিচয় পরিবর্তনকারীদের পদ দেওয়া হয়, তাহলে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা আরও বাড়বে। ’
তবে রাজনৈতিক সম্পৃক্ততা ও অভিযোগের বিষয়ে আব্দুল আওয়াল জিদানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি যথাযথভাবে যাচাই করে ত্যাগী, পরীক্ষিত ও দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন।