বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের বক্তব্য

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের বক্তব্য

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট): দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।  

প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা এই নীতিমালার লক্ষ্য।  

জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি  চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজেই এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।  

সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।