এআইকে সহায়ক হিসেবে গণ্য করে গুণগত আইটি সেবা নিশ্চিত করতে হবে: চুয়েট ভিসি

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৫ জুলাই, ২০২৬
এআইকে সহায়ক হিসেবে গণ্য করে গুণগত আইটি সেবা নিশ্চিত করতে হবে: চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) ব্যবসা পরিচালনা, খাদ্য নিরপত্তা, এনার্জি সক্ষমতা, দুর্যোগ ও সম্পদ ব্যবস্থাপনা, সাইবার নিরপত্তাসহ প্রযুক্তির সকল ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। বিশেষ করে সময় ও ব্যয় সাশ্রয় করে ত্রুটিমুক্ত সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার উদীয়মান সম্ভাবনা হিসাবে গণ্য করা হচ্ছে। ফলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এআই প্রযুক্তির ওপর দক্ষতা অর্জন এবং সেইসাথে এআই এর নিয়ন্ত্রণ হাতে নিতে হবে। নিয়ন্ত্রক নয় বরং এআই কে সহায়ক হিসাবে গণ্য করে গুণগত আইটি সেবা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।


আজ ২৫ জুলাই (শনিবার) ২০২৬ খ্রি. সকালে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দিনব্যাপী “চ্যালেঞ্জেস অব কোয়ালিটি সফটওয়্যার ডেভলপমেন্ট উইথ এআই অ্যান্ড আইটি এন্টারপ্রেনারশিপ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করে ঢাকাস্থ দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি মাইসফট হেভেন (বিডি) লিমিটেড। উক্ত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন মাইসফট হেভেন (বিডি) লিমিটেড এর সিইও ইঞ্জিনিয়ার মো. মোফাখ্খারুল ইসলাম, ম্যানেজিং পার্টনার ক্যাপটেন (অব:) ইঞ্জিনিয়ার তারিকুল আযম লিনকন, সলুশন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দেবব্রত সরকার, আইটি বিজনেস এনালিস্ট মোস্তহশিন হোসাইন আহমেদ আফিফ এবং লিড ইঞ্জিনিয়ার মফিজুর রহমান। কর্মশালার কো—অর্ডিনেটর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মীর মু. সাক্বী কাওসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী এবং প্রভাষক জনাব মো. রেফাজ হোসেন। ওয়ার্কশপ পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মাহি, ফাহিম, মনন, রিজভী, রনি, আসিফ, শুভ্র, ইরিন, সমন্বিতা, প্রান্তিকা প্রমুখ। পরিশেষে চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া দিনব্যাপী ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


ওয়ার্কশপে কি—নোট স্পিকার মাইসফট হেভেন (বিডি) লিমিটেড এর সিইও প্রকৌশলী মোফাখ্খারুল ইসলাম বলেন, জনগণের কাছে উন্নত ডিজিটাল সেবা পৗঁছাতে এআই প্রযুক্তির ব্যবহার বেড়ে চলছে। নবীন ও অভিজ্ঞ প্রকৌশলীদের সাথে নিয়ে একাডেমিক এবং ইন্ডাস্ট্রিজ সেতু বন্ধন করে আমরা উদ্ভাবনী প্রযুক্তিতে জাতীয় সমস্যা সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। আজকের ওয়ার্কশপের মাধ্যমে এআই প্রযুক্তি চ্যালেঞ্জ এবং এর ব্যবহার এর মাধ্যমে কিভাবে মান সম্মত সফটওয়্যার নির্মাণ করা যায়, তা হাতে—কলমে দেখানো হবে।