রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা  

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২২ জুলাই, ২০২৬
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা  

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় সাহেব বাজার কালীমন্দিরের গলিতে অবস্থিত রাহাত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

 

এছাড়া ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের অবৈধ মজুত বন্ধ, গুজব প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে নগরীর তালাইমারী এলাকায় অবস্থিত মেসার্স নয়ান পেট্রোলিয়াম এজেন্সী ও মেসার্স আফরিন ফিলিং স্টেশনে বিশেষ মনিটরিং পরিচালিত হয়।

 

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ফারহানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

 

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।