নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখলের চেষ্টা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২১ জুলাই, ২০২৬
নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখলের চেষ্টা

‎‎
‎আব্দুল বাসেদ | সিনিয়র রিপোর্টার, নোয়াখালী

‎নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ওমানপ্রবাসীর দোকানঘর ভাঙচুর এবং তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী গোলাম ছারওয়ারসহ ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করেও ‘মব’ সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

‎সোমবার (২০ জুলাই) ভোররাত থেকে উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের ওলি কাজী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ওমানপ্রবাসী মো. জামাল উদ্দিন জানান, তিনি খরিদসূত্রে জমিটির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে সেখানে দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন। তার অভিযোগ, সোমবার ভোরে প্রতিবেশী গোলাম ছারওয়ার ও তার সহযোগীরা জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাঙচুরের চেষ্টা চালায়। একই সঙ্গে দোকানের সামনে বালু ফেলে এবং পেছনের ডোবায় বালু ভরাট শুরু করে।

‎তিনি দাবি করেন, এ কাজে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি বিষয়টি লিখিতভাবে পুলিশ সুপারের কাছে অভিযোগ আকারে দাখিল করেন। অভিযোগ দেওয়ার পর বিকেলে সাংবাদিকদের সঙ্গে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আরও বেপরোয়া আচরণ করে এবং বাকি জমিতেও বালু ভরাটের কাজ চালিয়ে যায়। এ সময় ভুক্তভোগী, তার পরিবারের সদস্য এবং উপস্থিত সাংবাদিকদের ঘিরে ‘মব’ সৃষ্টির চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়।
‎ভুক্তভোগীর আরও অভিযোগ, বর্তমানে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দিচ্ছে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে তার ভোগদখলীয় সম্পত্তি রক্ষা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।