মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর হতদরিদ্র ও
প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ
করেছে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতি।
শুক্রবার বিকালে শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান
কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চার শতাধিক
হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী
ও হুইলচেয়ার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক
মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন সুবিধাবঞ্চিত
ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের
মানবিক উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি
রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল
নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, পাঁচ বছরে
২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে
সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর যেসব উন্নয়নমূলক কাজ
এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। নাগরিক
সেবার মানোন্নয়ন ও নগর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন
কাজ করে যাচ্ছে।
লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহ মখদুম থানা
বিএনপির সদস্য সচিব নাসিম খান। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি
এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,
বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য
ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মোঃ
জনি।