সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব‍্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের ইন্তেকাল

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ জুলাই, ২০২৬
সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব‍্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের ইন্তেকাল

জাতীয় সংসদের সাবেক স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব‍্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ (রবিবার) ভোর ৪:১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য এই রাজনীতিবিদের শেষ নিঃশ্বাস ত্যাগের খবরে তিনি এই শোকবার্তা প্রদান করেন।

এক শোকবার্তায় জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং আইন ও বিচার ব্যবস্থার এক উজ্জ্বল নক্ষত্র। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পীকার হিসেবে এবং পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি যে মেধা, সততা ও নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছেন, তা দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মরহুম জমির উদ্দিন সরকার আইন, বিচার ও শিক্ষাসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশ ও জনগণের কল্যাণে অনবদ্য অবদান রেখে গেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী হিসেবে তাঁর সক্রিয়তা ও আইনি প্রজ্ঞা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর এই ইন্তেকালে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করলো।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জনাব সেলিম উদ্দিন দোয়া করেন, আল্লাহ যেন ওনার সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক কামনা করেন।