বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ জুলাই, ২০২৬
বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৫ আষাঢ় (৯ জুলাই ২০২৬): বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে আজ ঢাকায় আগারগাঁওস্থ পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইইউ-এর সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শুল্কমুক্ত রপ্তানি সুবিধা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যাতে ইইউ বাজারে বাণিজ্য সুবিধা অব্যাহত থাকে, সে বিষয়ে তিনি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া দেশের ব্যবসা-বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও বাণিজ্য খাতের কাঠামোগত সংস্কারের প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে ইইউ-এর সমর্থন ও সহযোগিতা বরাবরের মতোই অব্যাহত থাকবে। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং বাণিজ্য বহুমুখীকরণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।