জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৯ জুলাই, ২০২৬
জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান

নিউইয়র্ক, ৯ জুলাই:  ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (আনকপস ২০২৬)-এ বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ আহ্বান জানান।

 মন্ত্রী বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ গতানুগতিক সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের ক্রমবর্ধমান বিস্তার ও জটিলতা মোকাবিলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে আরো বেশি বিনিয়োগ প্রয়োজন।  

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অবদানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরো সক্ষম ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদান-প্রদান জোরদারে একটি 'জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক' গঠনের প্রস্তাব দেন।  

জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে একটি বার্ষিক 'এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স' আয়োজনেরও প্রস্তাব দেন।