অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৪ জুলাই, ২০২৬
অসুস্থ নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা

ঢাকা, ০৪ জুলাই ২০২৬:
বাংলাদেশের স্বনামধন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশবরেণ্য এই শিল্পীর অসুস্থতার সংবাদ জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।  
​আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তাঁকে সশরীরে দেখতে যান। এ সময় তাঁরা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন, তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা প্রদান করেন।  
​সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ 'শিল্পী কল্যাণ ট্রাস্ট'-এর পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।
​এ সময় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা 'একুশে পদক'-এ ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে 'নজরুল পুরস্কার' লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।