তিউনিশিয়াকে ৪-০ তে উড়িয়ে দিলো জাপান

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২১ জুন, ২০২৬
তিউনিশিয়াকে ৪-০ তে উড়িয়ে দিলো জাপান

২০২৬ বিশ্বকাপে বড় হারের মধ্য দিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো তিউনিশিয়াকে। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আফ্রিকার এই দলটি।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। মাত্র চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা।

দ্রুত গোলের ধাক্কা সামলাতে না পেরে চাপে পড়ে তিউনিশিয়া।
প্রথমার্ধের ৩১তম মিনিটে আয়াসে উয়েদার গোলে ব্যবধান দ্বিগুণ করে জাপান।

ফলে বিরতিতে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে তারা।
বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে জাপান।

৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ করে দেন। এরপর ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন উয়েদা।
পুরো ম্যাচজুড়েই জাপানের নিয়ন্ত্রিত ও গতিময় ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি তিউনিশিয়া। ফলে দুই ম্যাচে টানা বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো দলটিকে।

এর আগে সুইডেনের বিপক্ষেও বড় ব্যবধানে পরাজিত হয়েছিল তারা।

অন্যদিকে এই জয়ে গ্রুপ ‘এফ’ এ নিজেদের অবস্থান আরও শক্ত করলো জাপান। চার পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার পথে বড় পদক্ষেপ রাখলো এশিয়ার এই দলটি।