চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশন লার্নিং, ইন্টারনেট অব থিংকস (আইওটি), বিগ ডাটা এনালাইটিক্স, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং এবং অটোমেশন বিশ্বব্যাপী শিল্প, ব্যবসা, শিক্ষা এবং কর্মসংস্থানের ধারণাকে আমূল পরিবর্তন করে দিচ্ছে। তিনি আরও বলেন, চুয়েট সবসময় গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে জ্ঞান সৃষ্টি হবে, প্রযুক্তি উদ্ভাবিত হবে এবং সেই জ্ঞান ও প্রযুক্তি সমাজ ও অর্থনীতির কল্যাণে ব্যবহৃত হবে।
আজ ১৯ জুন (শুক্রবার) ২০২৬ খ্রিঃ সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে ‘ফ্রম আইডিয়া টু ইনকিউবেশন’ শীর্ষক স্লোগান নিয়ে চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্যোগে "আইটিবিআই স্টুডেন্ট স্টার্ট আপ পিচ ফেস্ট-২০২৬" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনমি এর সভাপতি, যুক্তরাষ্ট্রের ইনোভেশন ল্যাবের সিইও অধ্যাপক ড. শরিফ উদ্দিন আহমেদ রানা,বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এর চিফ মার্কেটিং অফিসার জনাব ইখলাস উদ্দিন আহমেদ এবং এক্সিলারেটিং বাংলাদেশ এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মুহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক ও আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে সঞ্চালনা করেন নেক্সজিনিক্স লিমিটেডের সিইও জনাব প্রশান্ত দে।
উল্লেখ্য, চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর শিক্ষার্থীদের উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উক্ত স্টার্টআপ পিচিং আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০-এর বেশি শিক্ষার্থী ও উদ্ভাবক অংশগ্রহণের করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্টার্টআপ ধারণাগুলো বিশেষজ্ঞ বিচারক ও শিল্পখাতের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করে। এর মধ্যে টিম বর্নো প্রথমস্থান, টিম লিভোরা দ্বিতীয় স্থান এবং সিনক রোবোটিক্স তৃতীয় স্থান অর্জন করে। উক্ত দলগুলোকে নগদ প্রাইজমানি প্রদান করা হয় এবং বিজয়ী দলসহ মোট ১৩টি দলকে ছয় মাসের জন্য আইটিবিআই স্টার্টআপ ফ্লোরে বিনামূল্যে ইনকিউবেশন সুবিধা, কর্মক্ষেত্র, বিশেষজ্ঞ পরামর্শ এবং উদ্যোক্তা ইকোসিস্টেমে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবে। এছাড়া আয়োজনে স্টার্টআপ আইডিয়া পিচ ব্যাটল, বিশেষজ্ঞ মতামত, ইনকিউবেটর পরিদর্শন, সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং শিল্পখাতে প্রবেশের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।