মহান মে দিবসে নোবিপ্রবি উপাচার্যের বাণী

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০১ মে, ২০২৬
মহান মে দিবসে নোবিপ্রবি উপাচার্যের বাণী

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -আজ ১মে ২০২৬, মহান মে দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত"।

দিবসটি উপলক্ষে আমি সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জ্ঞাপন করছি।
মে দিবস আমাদের মনে করিয়ে দেয় শ্রমিক শ্রেণির আত্মত্যাগ, অধিকার আদায়ের সংগ্রাম এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ইতিহাস। ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিলেন, তা আজও বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়। এ দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের প্রতিটি উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান।

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে এই দুই পক্ষের মধ্যে সমন্বয় ও ন্যায়ভিত্তিক সম্পর্ক নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যেমন প্রয়োজন, তেমনি উৎপাদনশীলতা বৃদ্ধিতে তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ইতিবাচক কর্মপরিবেশ তৈরি হয়েছে, যা আমাদের একাডেমিক ও প্রশাসনিক সাফল্যের মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি, শ্রমের মর্যাদা রক্ষা এবং সবার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি উন্নত ও প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, সুস্থতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে শ্রমের ধরনেও পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে আমাদেরকে দক্ষতা ও জ্ঞান দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব হলো এমন প্রজন্ম গড়ে তোলা, যারা শ্রমের মর্যাদা বুঝবে, মানবিক মূল্যবোধে বিশ্বাস করবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।

মহান মে দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে, শ্রমিকের অধিকার রক্ষা, তাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং একটি সাম্যভিত্তিক সমাজ বিনির্মাণে সবাই একসাথে কাজ করব। মে দিবসের চেতনা আমাদের সকলকে আরও সচেতন, দায়িত্বশীল ও মানবিক হতে উদ্বুদ্ধ করুক।
সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা।