চুয়েট ও পূবালী ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬
চুয়েট ও পূবালী ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে পূবালী ব্যাংক পিএলসির মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় চুয়েট শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংক এর আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। এর অংশ হিসেবে পূবালী ব্যাংক চুয়েটের টিএসসি ভবনের নিচতলায় একটি ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন করবে যেখানে ২টি সিআরএম (CRM) এবং একটি করে আরটিডিএম (RTDM) ও কেইওএসকে (KEOSK) সিস্টেম থাকবে। এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার আওতায় প্রতিদিন ১৬ ঘণ্টা অনলাইন ট্রানজেকশন সুবিধা চালু থাকবে। শিক্ষার্থীরা ব্যাংকের সিআরএম (CRM), আরটিডিএম (RTDM) ও কেইওএসকে (KEOSK) সিস্টেম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য ফি সহজেই পরিশোধ করতে পারবে, ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এছাড়া সকল লেনদেন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেমেন্ট হিস্ট্রি দেখতে এবং যেকোনো সময় রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। একইসাথে ব্যাংক শিক্ষার্থীদের জন্য সিআরএম ডেটার ভিত্তিতে স্টুডেন্ট লোনসহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করতে পারবে। উক্ত বুথে শিক্ষার্থীরা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে এবং তাদের আর্থিক লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ক্যাম্পাসে আধুনিক সেবা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ০২ এপ্রিল (বৃহস্পতিবার) ২০২৬ খ্রিঃ সন্ধ্যায় চুয়েটের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। চুয়েটের পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন পূবালী ব্যাংক পিএলসির মদুনাঘাট শাখার ব্যবস্থাপক জনাব রশিদুল হাসান ভুঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েট এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসাইন ও অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী পরিচালক জনাব মো. মাসুম রানা প্রামাণিক।