আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -নোয়াখালীর কোনো হাসপাতালে মব সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। নোয়াখালীতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নবগঠিত আহবায়ক পরিচিতি সভা, আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি শাহজাহান বলেন, ‘মব যে একটা শব্দ বের হয়েছে এখন। এটা ইদানিংকালে খুব প্রচলিত হয়ে গেছে। যেকোনো জায়গায় কিছু লোক একত্রিত হয়ে একটা মব কালচার করছে, আমাদেরকে এটা বন্ধ করতে হবে। আমাদের হাসপাতালে রোগী ভালো হবে, মারা যাবে কি বাঁচবে এটা নির্ভর করে আল্লাহর ওপর। ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না। অতএব কোনো হাসপাতালে এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, হাসপাতালে ওপর যে আক্রমণ, যে আঘাত, ডাক্তারদের ওপর আক্রমণ এগুলো বন্ধ করতে হবে। ’
বেসরকারি হাসপাতালগুলোতে সামর্থ্য অনুযায়ী কিছু ফ্রি বেড রাখারার প্রস্তাব করেন বিএনপির এই নেতা। বেসরকারি হাসপাতাল মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখানে অনেকগুলো বেসরকারি হাসপাতাল। এখন সেবার দিকটাতে যদি যত্ন নিতে পারি, আমার মনে হয় আমরা এই বেসরকারি হাসপাতালের সেবার মাধ্যমে নোয়াখালীকে বাংলাদেশে একটা অবস্থান সৃস্টি করতে পারব। শুধু আন্তরিকতা দরকার। এজন্য আমার প্রস্তাব, আপনারা বেসরকারি হাসপাতালগুলা যার যতটা সামর্থ্য আছে সেভাবে আপনারা যদি একটা বা দুইটা ফ্রি বেডের প্রভিশন রাখেন। তাহলে আমরা অনেক সময় সরকারি হাসপাতালের ওপর যে চাপ সে চাপটাকে হ্রাস করতে পারি। আপনাদের ফ্রি বেডগুলোতে অসহায় রোগীটির আমরা চিকিৎসা ব্যবস্থা করতে পারি। তার জন্য যে ওষধুদের প্রয়োজন সেজন্য আমরা সবাই মিলে একটা কমিটির মাধ্যমে ফান্ড সৃস্টি করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নবগঠিত কমিটিকে দায়িত্ব নিতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সরকারি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো দালালচক্র থেকে মুক্ত করতে হবে।’