মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর সীমান্তবর্তী
এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাত পর্যন্ত
পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে
চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে
ভারতীয় জেডি ব্র্যান্ডের ৫০ বোতল মদ জব্দ করা হয়।
একই রাতে সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী উপজেলার
হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে ৬৩৬ পিস ভারতীয় ডি-
আরএক্স যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।
এছাড়া বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে মীরগঞ্জ বিওপির একটি
আভিযানিক দল আবারও চারঘাট উপজেলার পিরোজপুর রাওথা এলাকায়
অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
তবে প্রতিটি অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে
মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় এবং চোরাচালান হওয়া মালামাল
রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে
বিজিবি।