রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১২ মার্চ, ২০২৬
রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয়
কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে
একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ
না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং
মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নগরীর বিসিক শিল্প
নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ
হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম
তিথী এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে
দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন
মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে
ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই,
রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।