প্রধানমন্ত্রী তারেক রহমানকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন


আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। একই সঙ্গে মন্ত্রিসভার নবনির্বাচিত সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদের সম্মানিত সদস্যদের প্রতিও তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) এক বার্তায় তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রায় নবগঠিত সরকার দায়িত্ব গ্রহণ করায় দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা গবেষণা ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

উপাচার্য উল্লেখ করেন, উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবি জাতীয় উন্নয়ন কর্মযজ্ঞে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, উদ্ভাবনভিত্তিক উদ্যোগ এবং শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আরও আশা প্রকাশ করেন, নবগঠিত সরকারের সহযোগিতায় দেশের বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণাবান্ধব পরিবেশ ও আধুনিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং তরুণ প্রজন্ম দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। বার্তায় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট সকলের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য।