কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি কর্তৃক আয়োজিত প্রোগ্রাম সেল্ফ-অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের নিয়ে ‘Assessment for Program Accreditation’ ‘Course File Preparation: Alignment of CLOs with Assessment’ ‘Formulation of Academic Strategic Plan’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। রিসোর্স পার্সন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।
প্রশিক্ষণটি পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান
প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে। সকল শিক্ষককে একসাথে প্রশিক্ষণ দেয়া সম্ভব নয়, বিধায় প্রতি বিভাগ থেকে তিনজনকে নির্বাচন করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন অনেক ভাল। তিনি বলেন, ‘কোয়েশ্চেন ডিজাইন’ করা একটা বড় চ্যালেঞ্জ। আমরা শিক্ষকতার প্রথম জীবনে তেমন কিছু পাইনি। যখন এটি শুরু হলো তখন রপ্ত করতে পরিশ্রম করতে হয়েছে। এখন বিভিন্ন সাইট রয়েছে, যেখান থেকে সাজেশন নেয়া যেতে পারে। একদিনের একটি ট্রেনিং প্রোগ্রাম যথেষ্ট নয়। আমাদের চেষ্টা করতে হবে, তবেই শিক্ষার্থীরা উপকৃত হবে, জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে।
বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, আজকের এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। ওবিই কারিকুলামের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সারাদেশে সুনাম অর্জন করেছে। একইভাবে অ্যাক্রেডিটেশন নিয়েও আমরা চিন্তা করতে পারি। এটি করতে করণীয় কি, টাইম ফ্রেমসহ টেমপ্লেট আকারে দিকনির্দেশনা প্রদানের জন্য আইকিউএসির পরিচালককে তিনি অনুরোধ জানান।