আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, জাতীয় উন্নয়ন এবং পরিবর্তনে সফিস্টিকেটেড কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেই। আমরা দেশকে যতো বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড করে দিতে পারবো ততো বেশি কর্মদক্ষতা তৈরি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। আজ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘১৫তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৬’ এর প্রিলিমিনারি রাউন্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীরা রসায়ন অলিম্পিয়াডের মতো একটি কঠিন বিষয়ে যে প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এ জন্য আমি তাদের সাধুবাদ জানাই। জীবনের এমন কোনো সেক্টর নেই যেখানে কেমিস্ট্রির ব্যবহার নেই। এই সেক্টরগুলোকে সমন্বয় করে কেমিক্যালের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা দেশের প্রত্যন্ত এলাকগুলোতে দক্ষ কেমিস্ট তৈরি করতে চাই এবং কেমিস্ট্রিকে যারা ভালোবাসেন তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চাই। কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টগুলো ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয়। এই সেক্টরে আমাদের শিক্ষার্থীদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কেমিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠায় তোমাদের যদি কোনো আগ্রহ থাকে সেই আগ্রহকে পরিপূর্ণ করার জন্যই আমাদের এ পথচলা। যারা আজ বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে যাবে তাদের প্রতি শুভকামনা রইলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নোবিপ্রবি শিক্ষার্থী মো. ইউসুফ শেখ।
উল্লেখ্য, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির আয়োজনে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি রাউন্ডের প্রতিযোগিতায় নোয়াখালী অঞ্চলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আগামী ৪ এপ্রিল রাজধানীতে ‘বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৬’ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।