বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্র প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব জনাব মোহাম্মদ বশির উল্লাহ, অ্যাডমিশন অফিসার জনাব সৈয়দ তানজিমুল হাকিম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্র প্রতিনিধিদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

সভায় বান্দরবানের সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। ছাত্র প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী আমন্ত্রণে সাড়া দিয়ে সভায় উপস্থিত হওয়ার জন্য ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান তাঁর বক্তব্যে বলেন, বান্দরবানের সকল জাতিগোষ্ঠীর সম্প্রীতি ও সহাবস্থানের প্রতিফলন বিশ্ববিদ্যালয়েও বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া প্রশাসনের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদেরও সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন জাতিগোষ্ঠীর ছাত্র প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।