একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, খাল ও নদী খনন, নদীভাঙন প্রতিরোধ, রাজধানীর দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন স্থাপন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে। ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদে বাস্তবায়নের জন্য নেওয়া এ প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

এ ছাড়া দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচসুবিধা বাড়াতে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও অনুমোদন দিয়েছে একনেক। এতে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ১০ কোটি টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানো হয়েছে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন রোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

অন্যদিকে, মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৯৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।