মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং
জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন ও আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তিনি মেয়েকে নিয়ে একাই থাকতেন। স্থানীয় একটি স্কুলে পড়াশোনার সূত্রে ওই স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে পরিচয় হয় সাজেদার। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে আসামিরা গৃহবধূর বাড়িতে এসে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সাজেদা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার মুখে কস্টেপ লাগিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়ে মেঝেতে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।