অপ্রতিম হত্যাকাণ্ডে আরো একজন গ্রেপ্তার, অপরাধ স্বীকার

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আরো একজন গ্রেপ্তার, অপরাধ স্বীকার

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা এই হত্যার দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।

ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে মন্ত্রী জানান, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয়।

তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সব আসামি গ্রেপ্তার করা হয়েছে। বলেন, সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছেন। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব আলামত পাওয়া গেছে।

তারা ঘটনা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’
রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিচার করবেন আদালত, আমরা সব সহযোগিতা করব।’
 
কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর সন্দেহভাজন হিসেবে বিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গতকাল আটক করে পুলিশ। তবে আজ রবিবার এ ঘটনায় মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ আরো একজনকে গ্রেপ্তারের তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।