সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারকে আমরা বলেছিলাম সংস্কারের পথে যান। তবে সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে। তারেক রহমানকে বলব, যেই পথ শেখ হাসিনার সেই পথে আপনার মোদির সাথে দেখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা বলেন, আট দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফাটা হলো বাংলাদেশ থেকে তারেক রহমানের সরকারের পদত্যাগ। আমরা তরুণ প্রজন্ম দেখতে পেয়েছি বর্তমানে একটি শিশু সরকার রয়েছে। এটা একটা বিষধর সাপ। তারা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো। এমন বাংলাদেশ আর হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ রায় দিয়েছে। এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ আমরা তারেক রহমানের সামনে রাখবো না।’