ফয়জুন্নেসা হলে প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নিউজ ডেস্ক | 71shadhinota.com
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬
ফয়জুন্নেসা হলে প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে শিক্ষার্থীদের নিয়ে ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জকসু ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের হল সংসদের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং জবি ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

সোমবার জবি গ্রীনভয়েস শাখা ও বহ্নিশিখার সমন্বয়ে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন স্পেশালিস্ট ও আজগর আলী হাসপাতালের কনসালটেন্ট ড. ঈশিতা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় নারীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এর অংশ হিসেবে ‘যোগা ফর উইমেন’ শীর্ষক সেশন পরিচালনা করেন যোগা স্পেশালিস্ট বৈশাখী মুখার্জী। সেশনে যোগব্যায়ামের উপকারিতা এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা ও অনুশীলন করানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জকসু হল সংসদের ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং জবি ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাত।

তিনি বলেন, ‘জকসু নির্বাচনে যারা আমাকে দায়িত্বশীল মনে করে ভোট প্রদান করেছেন, তাদের সেই বিশ্বাসের জায়গা থেকেই নির্বাচন-পরবর্তী সময়ে এটি আমার দ্বিতীয় উদ্যোগ। আমি এটাও নিশ্চিত করেছি যে সামনে শিক্ষার্থী কল্যাণমূলক এমন আরও উদ্যোগ গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘আমি সংগঠনের মানুষ, আমি সাংগঠনিক মানুষ। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কাজ আমি শুধু আমার দায়িত্বের জায়গা থেকে নয়, আবেগের জায়গা থেকেও করি।’

এ সময় গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘নারী স্বাস্থ্যকে খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখে বহ্নিশিখা।’

নারী স্বাস্থ্য ও সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এ ধরনের কর্মসূচিকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং ছাত্রদল হল কমিটির সাধারণ সম্পাদক ফারজানা রিমি। এ ছাড়া হলের বিভিন্ন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।