মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পরিদর্শক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, উত্তরা সার্কেলের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকায় রাজধানীর দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসার সাথে জড়িত এক দম্পতিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেনঃ
১। মোঃ জহিরুল ইসলাম @ শ্যাপন (৪৫)
২। জান্নাত ফেরদৌস এনি (৩২)
অভিযানকালে আসামিদের হেফাজত হতে মোট ৬০ (ষাট) টি নীল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকা। একইসাথে মাদক ব্যবসায় ব্যবহৃত ০২ (দুই) টি Samsung ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সাথে জড়িত ছিল। তারা গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।