নিজস্ব প্রতিবেদক
সরকারি অর্থ খরচ করে নিজের মনগড়া উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সিনিয়র সরকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে।
জানা গেছে, গত বৃহস্পতিবার কোনো নোটিশ ছাড়াই নোয়াখালী রেলওয়ে স্টেশনের আশপাশে বেছে বেছে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা গেছে, বিগত আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে যেসব বিল্ডিং ঘর তৈরি করা হয়েছিল সেগুলো অক্ষতই রয়ে গেছে।
এমন লোক দেখানো ও বেছে বেছে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্থানীয়রা হতবাক। যার ফলে এলাকায় স্থানীয়দের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে।
স্থানীয়রা বলছেন, মোটা অংকের অর্থ লেনদেনের কারণেই হয়তো উচ্ছেদ অভিযান পরিচালনাকারী কর্মকর্তার হাত থেকে ওইসব স্থায়ী বিল্ডিং ঘরগুলো রক্ষা পেয়েছে। এছাড়া অন্য কোনো কারণ দেখছেন না তারা।
এদিকে উচ্ছেদ অভিযানের সময়ে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সিনিয়র সরকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে, 'কোনটা ভাঙবো আর কোনটা ভাঙবো না সেটা আমার নিজের ইচ্ছা।'
ভিডিওটা দেখা গেছে, বিগত ৩৫ বছর ধরে সরকারি হিসাব অনুযায়ী রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ থেকে লিজের খাজনা পরিশোধ করে আসছেন এমন একজনের অস্থায়ীভাবে নির্মিত টিনশেড ভেঙে দেওয়া প্রতিবাদ করছেন। তার হালনাগাদকৃত প্রদেয় খাজনার রশিদ উপস্থিত কর্মকর্তাকে দেখানোর চেষ্টা করছেন কিন্তু তিনি কোন কথা শুনছেন না।
অথচ তাদেরই লিজকৃত দাগ নাম্বারের মধ্যে অবৈধভাবে দখলকৃত স্থায়ীভাবে নির্মাণ করা ভবনগুলো অক্ষতভাবে দাঁড়িয়ে আছে।
ওইসব অবৈধভাবে দখলকৃত স্থায়ী ভবনগুলো ভেঙে দেয়ার জন্য তাৎক্ষণিকভাবে অনুরোধ করা হলে খোরশেদ আলম বলেন, কোনটা ভাঙবো আর কোনটা ভাঙবো না সেটা আমার ইচ্ছা। যা ওই ভিডিওতে খোরশেদ আলমের স্পষ্ট কণ্ঠ শোনা ও তাকে দেখা যাচ্ছে।
এটিকে নোয়াখালী রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদের এক ঘন্টা পরে ফের দখল হয়ে গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সিনিয়র সরকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আওয়ামী লীগের আমলে প্রভাবশালীরা ক্ষমতা দেখিয়ে নির্মাণ করা স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়টি আমার জানা নেই।